চট্টগ্রামে ১৫ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের পাহাড়তলি বাজারে একটি দোকানে ‘গোপনে মজুদ করে রাখা’ ১৫ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ ভাবে তেল মজুদ করায় সিরাজ সওদাগর নামের এই ব্যবসায়ীকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

thai foods

বাজারে তেলের সংকটের মধ্যে ওই দোকানি বোতলজাত সয়াবিনগুলো বিক্রি না করে গুদামে তালাবদ্ধ করে রেখেছিল বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।

সোমবার (৯ মে) দুপুরে নগরীর পাহাড়তলি বাজারে অভিযান চালিয়ে বিল্লি লেইনের সিরাজ সওদাগরের দোকানে ওই তেলের সন্ধান মেলে।

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিরাজ সওদাগরের মুদি দোকানে অভিযান চালায়। সেখানে সামান্য তেল বিক্রির জন্য রাখা হয়েছিল। আমরা তার তিনটি গুদাম একে একে পরিদর্শন করি। তালাবদ্ধ গুদামগুলো থেকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত ১৫ হাজার লিটার সয়াবিন তেল পেয়ে সেগুলো জব্দ করি।’

জব্দ তেল সরকারিভাবে নতুন দর নির্ধারণের আগে অর্থাৎ ঈদুল ফিতরের আগে কিনে গুদামজাত করা হয়েছিল বলে অভিযানকারী টিমের কাছে দোকানি স্বীকার করেছেন।

ফয়েজউল্লাহ জানান, ঈদুল ফিতরের আগে কেনা দামে তেলগুলো খুচরা দোকানিদের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে। এছাড়া তেল মজুদ করায় সিরাজ সওদাগরকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের তিনটি স্থানে গত দুদিনে ১৮ হাজার লিটারের বেশি সয়াবিন তেল পাওয়া গেল, যা দাম বাড়ানোর জন্য অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে রোববার বিকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরের নিচে গুদামে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট এক হাজার ৫০ লিটার সয়াবিন তেলের বোতলের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আর গত শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মুদি দোকানির বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

খখ/মো মি

আগেমাহিন্দা রাজাপাকসের বাসভবন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা
পরে“৩০০ আসনে ইভিএমে নির্বাচন করার সক্ষমতা ইসির নেই”-ইসি মো. আলমগীর