খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এই সাফল্য শেখ হাসিনার, এই সাফল্য আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের।
তিনি বলেন, তৃণমূল আওয়ামী লীগের ঐক্য ধরে রাখা গেলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
শনিবার (১৪ মে) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তৃণমূল ঐক্যবদ্ধ না হলে ২০০১ সালের চেয়েও খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করবে। আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তূণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন থাকলে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারবেনা, আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুব উল আলম হানিফ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করার ঘোষণা দেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, দক্ষিণ জেলার সব ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার সম্মেলন জুন থেকে জুলাইয়ের মধ্যে শেষ করব। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেলা সম্মেলন করতে চাই।
হানিফ আরও বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা বলছে, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতন হবে। আমি বলছি, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশের কৃষিখাত শক্তিশালী হয়েছে। রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট হবে না।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামের দক্ষিণ জেলার যে আসনগুলো আছে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেক না কেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটা আমার অনুরোধ। জয়যুক্ত করে আনতে পারবেন তখনই যখন আপনারা তৃণমূলকে সংগঠিত করতে পারবেন। তখন আপনারা তৃণমূল পর্যায়ে দৃঢ়তার সহিত জয় পাবেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি করবেন। যারা ছাত্রলীগ আছে, যুবলীগ আছে তাদেরকেও বলবেন। যখন আসবে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তাকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন, আদবের সহিত ভোট চাইবেন। আপনারা যদি আদবের সহিত ভোট চান আপনারা ভোট পাবেন।
মোশাররফ হোসেন বলেন, আমি এটা বিশ্বাস করি যে ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী আছে, বঙ্গবন্ধুর কর্মী আছে, সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে পরাজিত করা সম্ভব হবে না। তাই আমার বিশ্বাস আপনারা একমাসের মধ্যে ওয়ার্ড কমিটি, থানা কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করবেন।
বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বলেন, জুলাইয়ের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা জেলা সম্মেলন করব।
তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৮টি উপজেলার প্রায় ৩ হাজার নেতাকর্মী ও নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ প্রতিনিধি সভায় অংশ নিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।
প্রতিনিধি সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খখ/মো মি


