খাসখবর চট্টগ্রাম ডেস্ক: টেন্ডার ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মশা নিধনের ওষুধ কিনেছে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে-এমন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম।
জানা গেছে, সরকারি তহবিলের টাকায় ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে কেনাকাটা করা এবং দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার অরভিন সাকিব ইভান এর প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের কাছ থেকে ২০২২ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর দুই দফায় ৬ হাজার ৩৫০ লিটার মশা নিধনের ওষুধ কেনা হয়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনা হয়েছিল ৬ হাজার ৪০০ লিটার ওষুধ। এসব ওষুধের জন্য সিটি করপোরেশনের ব্যয় হয় ৭৪ লাখ ৬১ হাজার টাকা। নিয়মানুযায়ী ৫ লাখ টাকার বেশি কেনাকাটা করতে হলে দরপত্র আহ্বান করতে হয়। কিন্তু একই ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে ৫ লাখ টাকার নিচে রাখতে ১৬ লটে ভাগ করে ওষুধ কেনা হয়।
অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন গণমাধ্যমকে বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে আমরা অনিয়মের সত্যতা পেয়েছি। বাকিটা তদন্ত শেষে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এব্যাপারে চসিকের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা পরিচ্ছন্নতা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, যেসব ওষুধ কেনার বিষয়ে অভিযোগের কথা বলা হচ্ছে, তার অধিকাংশ আমি দায়িত্ব নেওয়ার আগে কেনা হয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ম মেনেই মশার ওষুধ কেনা হচ্ছে।
খখ/মো মি


