খাসখবর রাজনীতি ডেস্ক : তৃণমূল বিএনপির হাল ধরলেন প্রয়াত নাজমুল হুদার বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা। পরবর্তি কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আজ শনিবার (৬ মে) রাজধানীর গুলশানে শাইনপুকুর স্যুটসের সিগনেচার হলে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
শনিবার (৬ মে) সংবাদ সম্মেলনে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন সিনিয়র আইনজীবী ও তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী তৃণমূল বিএনপির উপদেষ্টা সিগমা হুদাসহ দলের মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান উপস্থিত ছিলেন।
গত ১৯ ফেব্রুয়ারি নাজমুল হুদার মৃত্যুর পর তৃণমূল বিএনপির চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল। ৭৬ দিন পর নতুন নেতার নাম ঘোষণা হল।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন। গত ফেব্রুয়ারিতে তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে দলটি ইসির নিবন্ধন পায়।
সংবাদ সম্মেলনে সিগমা হুদা বলেন, দলের সাধারণ সভায় অন্তরা সেলিমা হুদাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, তার নেতৃত্বে নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সিগমা হুদা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারাদেশে সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড ও নির্বাচনী ফান্ড সংগ্রহ করা হবে। জাতীয় নির্বাচনকে সমানে রেখে দেশের ৩০০টি আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে।
নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাছাকাছি আদর্শের জোট ডাকলে তাতে তৃণমূল বিএনপি সাড়া দেবে। তৃণমূল বিএনপি তিনশো আসনে নির্বাচন করতে চায়।
অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা তার বাবার অসমাপ্ত কাজ ও তার স্বপ্ন পূরণে কাজ করার জন্য দেশবাসীর সহায়তা চেয়ে বলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল বিএনপি।
অন্তুরা বলেন, ‘আমার বাবার স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি এই দায়িত্ব পালনে সম্মত হই। আজকে আমি দলের সকল সদস্য ও দেশের জনগণকে নিয়ে যেন দেশের জন্য ও দেশের জনগণের জন্য এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, এজন্য আমি আপনাদের (গণমাধ্যম) কাছে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই।’
১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে দলটির প্রথম স্থায়ী কমিটিতে সদস্য ছিলেন নাজমুল হুদা। জিয়ার মৃত্যুর পর স্থায়ী কমিটি পূনর্গঠিত হলে তিনি বাদ পড়েন। খালেদা জিয়ার সময়ে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন। ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় তিনি তথ্য ও যোগাযোগমন্ত্রী ছিলেন। মাঝে একবার বহিষ্কৃত হলেও পরে দলে ফেরানো হয় তাকে। ওয়ান-ইলেভেনে পট পরিবর্তনের পর দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় নাজমুল হুদাকে। জামিনে মুক্ত হয়ে ২০১০ সালে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি বক্তব্য রাখলে তাকে বহিষ্কার করা হয়। পরে আবার ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ২০১১ সালের ৫ এপ্রিল বিএনপির সদস্যপদ ফিরে পান তিনি।
২০১২ সালের ৬ জুন হুদা নিজেই সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন। ওই বছরই নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ গঠন করেন। পরে সেখান থেকেও বহিস্কৃত হয়ে ২০১৪ সালের ৭ মে ‘বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স-বিএনএ’এবং ওই বছরের ২১ নভেম্বর ‘বাংলাদেশ মানবাধিকার পার্টি-বিএমপি’ গঠন করেন। এরপর তিনি ২০১৫ সালের ২০ নভেম্বর গঠন করেন ‘তৃণমূল বিএনপি’। নতুন এই দলটির হয়ে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেন তিনি। নিবন্ধন না পেয়ে তিনি আদালতে যান। ২০২২ সালের ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে রায় দেয়। এরপর গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির নিবন্ধন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতীক-‘সোনালী আঁশ’ এবং দলীয় স্লোগান হচ্ছে-‘সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি’।
খখ/মো মি


