খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।
চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর ও রামু থানাধীন রাজারকুল ইউনিয়নে নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা হতে এসব চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন- মোঃ মহিউদ্দিন (২৬), মোঃ কামাল উদ্দিন (৩০), মোঃ জয়নাল আবেদীন প্রঃ আবু (২৮)।
এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ৬টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরির সাথে জড়িত রয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পল্লব কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ মহিউদ্দিন (২৬) কে চোরাই ১টি মোটর সাইকেলসহ আটক করেন। পরে পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউনিয়নে নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা হতে আসামী মোঃ কামাল উদ্দিন (৩০), মোঃ জয়নাল আবেদীন প্রকাশ আবুকে (২৮) আটক করেন এবং তাদের হেফাজত হতে চোরাই ৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৬টি চোরাই মোটর সাইকেলের
আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার টাকা।
খখ/মো মি


