খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় এক রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, পৃথক অভিযানে ‘টিম কোতোয়ালি’ ৬ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় রোহিঙ্গা যুবকসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। উখিয়া থেকে পাইকারী মূল্যে কিনে এসব ইয়াবা খুচরা বিক্রি করতে চট্টগ্রামে নিয়ে আসছিলেন রোহিঙ্গা যুবক ইব্রাহীম।
থানা পুলিশ জানায়, গত ২৬ জুলাই সকাল সাড়ে ৭টার সময় এসআই রনি তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ শাহ আমানত মাজার গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার উপর হতে রোহিঙ্গা যুবক ইব্রাহিম ওরফে মোঃ শফিক (২৫) কে গ্রেফতার করে। পরে দেহতল্লাশী করে তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, (যার ওজন ৪০০ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবক ইব্রাহীম ওরফে মোঃ শফিক (২৫) কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী মরাগাছ তলা ক্যাম্প-১২, ব্লক-জি২ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
গত ২৫ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটের সময় ‘থানা পুলিশের বিশেষ টিম’ পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ ওমর আলী মার্কেট এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর হতে মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রকাশ ফরমান (৪২) এবং আব্দুর রশিদ (৩৯)কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি কালে মোঃ গিয়াস উদ্দিনের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আব্দুর রশিদের (৩৯) এর হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
খখ/মো মি


