চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু কারাগারে

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানো হয়েছে। যুবলীগ কর্মীকে তুলে নিয়ে ওয়ার্ড কার্যালয়ে আটকে মারধরের মামলায় জামিন নামঞ্জুর করে আদালত কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

thai foods

মঙ্গলবার (১৯ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন টিনু।

এর আগে ৩ মার্চ রাতে মেহেদী হাসান রাকিব নামে ওই যুবলীগ কর্মী কাউন্সিলর টিনুর হাতে মারধরের শিকার হলে চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। রাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী।

মামলার বাকি আসামিরা হলেন— কায়সার হামিদ (৩৫), সাকিবুল ইসলাম (৩০), রবিউল ইসলাম রাজু (৩০), মো. আজম (২৪) ও মো. শাকিল (২৪)।

মামলায় তিনি উল্লেখ করেন, প্রায়ই আসামিরা তাকে পূর্বের বিরোধের জের ধরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতো। গত ৩ মার্চ রাত ৮টার দিকে দিকে তিনি তার ফার্মেসি ‘একুশে ড্রাগ হাউস’ এ পেশাগত কাজ করছিলেন। এসময় তার বন্ধুর মুঠোফোনে কল দিয়ে কাউন্সিলর টিনু তার সাথে কথা বলে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আধঘণ্টা পর ১০ থেকে ১৫ জন লোক এসে ছুরির ভয় দেখিয়ে তাকে অপহরণ করে এবং তার পকেটে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে মামলার অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যান। এসময় অপহরণ ও মারধরের ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা গণমাধ্যমকে বলেন, ‘অপহরণের পর মারধরের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় কাউন্সিলর নুর মোস্তফা টিনু এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। আদেশমূলে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নুর মোস্তফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর। নিজেকে যুবলীগ নেতা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন টিনু। চকবাজার ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মিন্টুর মৃত্যুতে ২০২১ সালের ৭ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে টিনু ৭৮৯ ভোট পেয়ে জয়ী হন।

মারধরের শিকার মেহেদী হাসান রাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী। রনিও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

খখ/মো মি

আগেচট্টগ্রামের কোতোয়ালীর জলিলগঞ্জে গ্রিল কেটে স্বর্ণ-টাকা চুরি, মালামালসহ ১ চোর গ্রেপ্তার
পরে“সিন্ডিকেটের সঙ্গে সরকারের লোকজন জড়িত”-আবদুল্লাহ আল নোমান