খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার একটি ঘরের জানালার গ্রিল কেটে স্বর্ণ, টাকা, শাড়ি ও চুরির মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে চুরির ৬ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) পটিয়া থানার জিরি ফকিরা মসজিদ বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই চোরের নাম মো. বাবলু প্রকাশ বাবলু (৩০)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার মৃত নাদু মিয়ার ছেলে। তিনি পটিয়ায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে পরদিন সন্ধ্যা নাগাদ যেকোনো একসময় জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিংয়ের ৭ম তলার বাসার রান্নাঘরের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে বাবলু এবং শাহীন। এরপর দুজন মিলে বাসায় থাকা আলমারি ভেঙে ১৫ ভরি ওজনের স্বর্ণ, নগদ এক লাখ ৩৭ হাজার টাকা এবং দেড় লাখ টাকার শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, আসামিকে গ্রেপ্তারের পর জানতে পেরেছি, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও পাঁচটি চুরির মামলা আছে। তার সাথে থাকা আরেকজন ইতোমধ্যে সদরঘাট থানার আরেকটি চুরির মামলায় গ্রেপ্তার আছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরি যাওয়া ১৫ ভরির স্বর্ণের মধ্যে আমরা ৬ ভরি ৬ আনা উদ্ধার করতে পেরেছি। এগুলোও সে বিভিন্ন জুয়েলার্সে বিক্রি করেছিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা, পাথরঘাটা ফাড়িঁর ইনচার্জ এসআই বাবলু কুমার পাল বলেন,
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই চোর জানিয়েছে
সে এবং তার সঙ্গীয় মোঃ শাহীন (২৬) মিলে বাদীর বাসার রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে এবং বাসার আলমারি হতে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


