খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি, চুরি, মাদক পাচার, অস্ত্র বেচাকেনার মামলা, নারী ও শিশু নির্যাতন আইনের মামলাসহ সাত মামলার আসামি মো. হান্নানকে (৩৪) গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল ২০ মার্চ (বুধবার) ভোর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হান্নান সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার নুর মিয়ার ছেলে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান, গত বুধবার ভোর রাতে ‘টিম সীতাকুণ্ড’ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সন্ত্রাসী হান্নান উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অস্ত্রসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে শরীরে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার সন্ত্রাসী হান্নান অস্ত্র বেচাকেনা, ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক পাচার, অস্ত্র বেচাকেনার মামলা, নারী ও শিশু নির্যাতন আইনের মামলাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে। আদালতে চলমান এসব মামলার সে পরোয়ানাভুক্ত আসামি। তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন এসআই নাদিম মাহমুদ।
খখ/মো মি


