খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে কুড়িগ্রাম সদর থানা থেকে আসা ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদারকে।
গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) জোরারগঞ্জ
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এটিএম শিফাতুল মাজদার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে একই দিনে (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদারকে জোরারগঞ্জ থানায় ও ইন্সপেক্টর গোলাম সারোয়ারকে বোয়ালখালী থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।
জোরারগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার ইতিপূর্বে রংপুর রেঞ্জসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
নতুন ওসি এটিএম শিফাতুল মাজদার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জোরারগঞ্জ বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


