চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী আবদুল্লাহকে গুলি করে হত্যা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

thai foods

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ার ভান্ডারি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।নিহত মানিক আবদুল্লাহ ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মানিক আবদুল্লাহ বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। আওয়ামী সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরে স্ত্রী, ১০ বছর বয়সী ১ ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারি কলোনির ওই বাসায় ভাত খেতেন তিনি।

শনিবার রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন মুখোশপরা অস্ত্রধারী তাকে গুলি করে হত্যা করে অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যায়। তিন মাস আগেও তার ওপর হামলা হয়েছিল। হামলা হয়েছিল তার ছোট ভাইয়ের কোচিং সেন্টার ও বোনের বাড়িতেও।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। নিহত যুবদলকর্মীর মাথা, ঊরু ও পায়ে গুলি করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘রাতে ভাত খাওয়ার সময় মানিকের সঙ্গে আরো একজন ছিলেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে, নাকি তিনি পালিয়ে গেছেন; সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
ওসি আরও জানান হত্যাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগে“জনগণের প্রতিনিধিত্ব করছে না এনসিপি”-ফরহাদ মজহার
পরেপ্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন