খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৮ জুন) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস-এর ওয়েবসাইটে এ প্রসঙ্গে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে আইএএফের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন। এই নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
ওয়াশিংটন-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, হতাহতদের মধ্যে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং ১২৬ জন সামরিক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সামরিক বা বেসামরিক মিলিয়ে আরও ২২০ জন নিহত এবং ৮৬৮ জন আহত ব্যক্তির অবস্থা অজানা, যা এখনও তদন্তাধীন রয়েছে।
ইসরায়েলের হামলা শুরুর পরের দিন ১৪ জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।
এদিকে ১৩ জুন ইরানে ইসরায়েলের সেনা অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ইসলায়েলকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইরানও। ১৪ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৫ শতাধিক। তারপর আর হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।
এইচআরএএনএ ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যানও প্রদান করেছিল। তারা ইরানের স্থানীয় প্রতিবেদনগুলোকে তাদের তাদের সোর্সের খবরের সাথে তুলনা করে প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে সোমবার ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে জানানো হয়েছে।
খখ/মো মি


