খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের রামুতে আবদুল মন্নান (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয়দের অভিযোগ, মন্নান এক নারীকে ধর্ষণের চেষ্টা করছিলো; ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মন্নান মছন আলীর ছেলে ও ‘মছন বাহিনী’ নামে সশস্ত্র ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণের একাধিক মামলা রয়েছে। এছাড়া তার পিতা ও তিন ভাইও ডাকাতিতে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে এক নারীর বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে সে ওই নারীকে ছুরিকাঘাত করে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মন্নানকে ধরার চেষ্টা করে। পালানোর সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মন্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণের একাধিক মামলা রয়েছে। তার পিতা-তিন ভাইও ডাকাতিতে জড়িত।
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। যারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-ঘরে ডাকাতি করে আসছে। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ। গত শুক্রবার মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। বিক্ষোভের দুদিন পরই গণপিটুনিতে নিহত হন আবদুল মন্নান।
খখ/মো মি


