খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় ভাবী ফেরদৌসি আক্তারকে হত্যার অভিযোগে দেবর মো. রনি (২৮) ও তার সহযোগী সোলাইমান (৪৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শফিকুল ইসলাম ।
পুলিশ জানায়, নিহত ফেরদৌসি আক্তার (৩২) স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি তার স্বামী মো. লোকমান হোসেন (৪৫) ও দুই সন্তানসহ পতেঙ্গার ধুমপাড়ার চড়িহালদা মোড়ে বসবাস করতেন। গত ১৩ জুলাই রাত ১১টার দিকে রান্নাঘর মেরামত নিয়ে পারিবারিক কলহের জেরে দেবর রনি ও স্বামী লোকমান ফেরদৌসিকে মারধর করেন। একপর্যায়ে রনি ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌসি। এরপর অভিযুক্তরা পালিয়ে যায়।
পরদিন নিহতের ভাই মামুন খান বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পতেঙ্গা থানার ওসি মো শফিকুল ইসলাম জানান, ঘটনার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে রনি ও সোলাইমানকে চড়িহালদা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যতম আসামি নিহত ফেরদৌসি আক্তারের স্বামী লোকমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
গ্রেপ্তার অভিযানে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ছিলেন এসআই হারুনুজ্জামান রোমেল।
খখ/মো মি


