খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানার হলদিয়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ উত্তর সর্ত্তার সোনা আলী তালুকদার বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. নুর উদ্দিন। তিনি একই এলাকার মৃত সাহা আলমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের সোনা আলী তালুকদার বাড়ীতে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের দ্বিতীয় কক্ষের সুইচ বোর্ডের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, নুর উদ্দিন একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের ক্যাডার হিসেবে কাজ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি নুর উদ্দিন জানায়, তিনি পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


