খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০০ লিটার চোলাই মদসহ ১০ মামলার আসামি মো.বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় বাবুলের বসতঘর থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বাবুল চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ এলাকার মোজাহের মিয়ার ছেলে।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম খান জানান, বাবুল একজন পেশাদার মদ ব্যবসায়ী। বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখে সে। এব্যাপারে বাবুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তার মো.বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।
খখ/মো মি


