খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিএমপি পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তা হলেন এসআই শাহিন ভূঁইয়া।
তিনি চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এসআই শাহিনকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজের কার্যালয়ে বসা অবস্থায় এক আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছেন শাহিন ভূঁইয়া। আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে দিলে তিনি সেগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকা দেওয়া ব্যক্তি অ্যাডভোকেট তন্ময় বসাক। তিনি বলেন, এটা ঘুষ নয়, স্বাভাবিক একটা লেনদেন ছিল। কোর্টে কোনো কাজ করাতে গেলে অনেক সময় ৫০–১০০ টাকা দিতে হয়। সেদিনও আমি জামিনের ফাইল প্রসেস করাতে সামান্য টাকা দিয়েছিলাম। ঘুষ হলে নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা লেনদেন হতো।
তিনি আরও বলেন, ভিডিওটি দুই মাস আগের। কোরবানির ঈদের আগে ধারণ করা হয়েছিল। একটি মামলার জামিনের প্রসেসিংয়ের জন্য আমি শাহীন সাহেবের কাছে গিয়েছিলাম। সম্ভবত তখন কেউ গোপনে ভিডিও ধারণ করেছে। তবে এত দিন পর কেন এটি ভাইরাল হলো, সেটা বুঝতে পারছি না।
খখ/মো মি


