খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সম্প্রতি সংঘটিত দু’টি হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পুলিশ প্রশাসন।
গতকাল (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন।
খোরশেদ আলম হত্যা সম্পর্কে এএসপি বেলায়েত হোসেন জানান, গত ২৩শে সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লালানগর ইউনিয়নের খিল মোগল এলাকার তালুকদার পাড়া মসজিদের সামনে খোরশেদ আলম (৩৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং তদন্ত শুরু করে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল ইসলামের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি হয় এবং মূল অভিযুক্ত সাইফুল আজমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যার পর দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা-শিলক এলাকায় রহমত উল্লাহ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খবর পাওয়ার পরপরই একইভাবে পুলিশ সুপারের নির্দেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির আহমেদ সেলিমের নেতৃত্বে একটি টিম মাঠে নামে এবং মূল অভিযুক্ত আশরাফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এএসপি বলেন, এই দু’টি হত্যাকাণ্ড আমরা অতি স্বল্প সময়ের মধ্যে উদ্ঘাটন করতে পেরেছি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।
শারদীয় দুর্গোৎসব নিয়ে এক প্রশ্নের জবাবে এএসপি বেলায়েত হোসেন বলেন, কোন ধরনের গুজবে কান দেয়া যাবে না। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল ইসলাম ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমেদ সেলিম।
খখ/মো মি


