খাসখবর আবহাওয়া : রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং খুলনা বিভাগের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তাছাড়া অন্যান্য এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (৫ মে) রাতে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বার্তায় এসব অঞ্চলের নদী বন্দর গুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের আভাস থাকায় কোথাও দুই নম্বর, কোথাও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বুধবার রাতে এ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মোংলায় ১১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
খখ/প্রিন্স


