খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা হেলালের ইটের আঘাতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের ছেলে। আর অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলাল।
পুলিশ জানায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
জানা গেছে, সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবুল কালামের সঙ্গে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাকবিতণ্ডার এক পর্যায়ে হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আবুল কালাম। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া হয়নি। কি থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো, কিছুই বুঝে উঠতে পারছি না।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা-জমি সংক্রান্ত ঝামেলায় চাচাকে ইট দিয়ে আঘাতে হত্যার খবর পেয়েছি। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান চলছে।
খখ/মো মি


