খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমানকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় পদায়ন করা হয়।
একই সাথে বুড়িচং থানার ওসি মো. শাহীনুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মুহাম্মদ লুৎফর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর চলতি বছর (২০২৫ সাল) চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মুহাম্মদ লুৎফর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় ৭ মাসের মতো তিনি সুনামের সাথে বোয়ালখালী থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় দায়িত্ব পালন কালে ওসি মুহাম্মদ লুৎফর রহমান এলাকার অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন।
এসময় জেলা পুলিশ সুপারদের সার্বিক দিকনির্দেশনায় চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মুহাম্মদ লুৎফর রহমান পুরস্কৃত হন।
নোয়াখালী জেলার সদর উপজেলার কৃতি সন্তান বুড়িচং থানার নতুন ওসি মুহাম্মদ লুৎফর রহমান পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের পার্বত্য জেলা রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা জেলা ও পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন তিনবার কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও পদক অর্জন করেন।
নতুন ওসি মুহাম্মদ লুৎফর রহমান বুড়িচং থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


