খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হননি।
মুজিবুর রহমান স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে। শিল্পপতি মুজিবুর রহমান একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি মুজিবুর রহমানের বাড়িতে এসে গেট ও পেছনের অংশ লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের সবার মুখে মাস্ক ছিল।
পুলিশ ধারণা করছে, বিদেশে পলাতক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে এ হামলা সংঘটিত হতে পারে।
এছাড়া এর আগে বিদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকার বেশি চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পাওয়ায় ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে আটজনের একটি দল এসে বাড়ি লক্ষ্য করে গুলি করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
খখ/মো মি


