খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় বিপরীতমুখী মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগ্রামের পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর ছেলে বিজিবি সদস্য নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার মনির আহমদ।
আহতদের মধ্যে রয়েছেন— ঝিনাইদহ সদর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরা পাড়া এলাকার মো. ইলিয়াস মিয়ার ছেলে মো. মাসুম (২৩) এবং একই উপজেলার মাগুরা পাড়ার পল্লব দত্তের ছেলে দ্বীপ দত্ত (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এছাড়া দুর্ঘটনার পর আহত আরও অনেককে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিপরীতমুখী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
নিহত রেহেনা আক্তারের স্বামী বদিউল আলম জানান, তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খখ/মো মি


