খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বেড়িবাঁধের জন্য বরাদ্দের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রবিবার (১২ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে আছে। তারা জানিয়েছেন, বেড়িবাঁধের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধের জন্য বরাদ্দের কয়েক লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবারের বাজেটেও বেড়িবাঁধের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এবারের বাজেটের এক টাকাও আমরা দুর্নীতি হতে দেব না, লুটপাট হতে দেব না। বেড়িবাঁধের কথা সংসদে আমরা তুলব এবং এই টাকা যাতে স্থানীয় সংসদ এবং স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে ব্যয় করে এবং আপনাদের কষ্ট যাতে দ্রুত সময়ের মধ্যে দূর হয়, সেজন্য আমরা চেষ্টা করব।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আপনাদের সহযোগিতা করছি। আমাদের নেতাকর্মীদের প্রতিও নির্দেশনা থাকবে আপনাদের সহযোগিতা করার। পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামকে নিয়ে চিন্তিত। এ সময় সারাদেশের মানুষকে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ এনসিপি ও তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনোয়ারা পরিদর্শন শেষে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান।
খখ/মো মি


