খাসখবর জাতীয় ডেস্ক➤আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করবে সরকারি বেসরকারি অফিসগুলো।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।
বাকি অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্ম এলাকায় অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন। এই সিদ্ধান্ত আজ সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ বিষয়ে রোববার (২৩ জানুয়ারি) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে তিন দফায় বিধিনিষেধ জারি করলো সরকার। এর আগে প্রথমে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। গত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা জারি করা হয়।
রোববার জারি করা নতুন বিধিনিষেধে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনে নির্দেশনা জারি করবে। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
খখ/মো মি


