খাসখবর বিনোদন ডেস্ক➤টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই। মাত্র ৫৭ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে অভিষেক চট্টোপাধ্যায় বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার (২৩ মার্চ) রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
তার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউডসহ পুরো সাংস্কৃতিক অংগন।
১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পথভোলা। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক। তার উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায় ফের ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। এর মাঝেই এলো দুঃসংবাদ!
স্বামীর অকাল মৃত্যু কোনওমতেই মানতে পারছেন না স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেককে আগলে রেখেছেন সংযুক্তা।
আর কয়েকমাস পরই ছিল ১৪ তম বিবাহবার্ষিকী। গত বছরও দাম্পত্য জীবনের ১৩ তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ও স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। স্ত্রী-পরিবার, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।
বেলা বাড়তেই অভিনেতার বাড়িতে ভিড় জমতে শুরু করেছে। ১৯৬৪ সালের ৩০ এপ্রিল উত্তর কলকাতায় তার জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। বরানগর রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা। ছোট ও বড় পর্দায় সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রথমসারির অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিনয় ছিল অভিষেকের প্রাণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবর কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টালিপাড়া। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন ইন্দ্রানি হালদার, লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। আজই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
খখ/মো মি


