খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নিজ গ্রাম সুখবিলাসে অন্যরকম ঈদ উদযাপন করেছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ছাদখোলা জিপ গাড়ি চালিয়ে নিজ গ্রাম সুখবিলাস ও নির্বাচনী এলাকায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদুল ফিতরের দিন মঙ্গলবার (৩ মে) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় হাছান মাহমুদ এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বের হন। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছ তার ছাদখোলা জিপ নিয়ে উপস্থিত হলে মন্ত্রী নিজেই চালকের আসনে বসেন।
এরপর নেতাকর্মীদের সঙ্গে করে তিনি মেঠোপথ ধরে পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মুরুবিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন।
এলাকা ভ্রমণের শেষদিকে মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও পরিবারের অন্যান্য সদস্যরাও যোগ দিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এসময় সুখবিলাস গ্রামের হাটের একটি চায়ের দোকানে তাদের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর, মন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুসহ এলাকার মানুষ এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
সুখবিলাস গ্রামের আহমদ হোসেন বলেন, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও ড. হাছান মাহমুদ সবসময় এলাকাবাসীর খোঁজখবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে যান। মন খুলে কথা বলেন, আড্ডা দেন। এটা একটা অনন্য দৃষ্টান্ত।
খখ/মো মি


