খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ মলদ্বার দিয়ে স্বর্ণবার এনে ধরা খেল এক যাত্রী। এঘটনা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
দুবাই থেকে আসা রফিকুল ইসলাম নামে
ওই যাত্রীকে চারটি স্বর্ণবারসহ আটক করা হয়েছে। এর মধ্যে দুটি স্বর্ণবার রফিকুল ঘোষণা দিয়ে আনলেও বাকি দুটি আনেন পায়ুপথের ভেতর দিয়ে। মঙ্গলবার (১৯ জুলাই) এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা এ অভিযান চালায়।
ওই যাত্রীর নাম মো. রফিকুল ইসলাম। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায়।
এ যাত্রীর কাছ থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়। এসবের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকা।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আসেন ওই যাত্রী। কাস্টমস কর্মকর্তাদের কাছে দুটি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন।
এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে সন্দেহ হলে এক পর্যায়ে আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হয়। এতে তার শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে দুটি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন।
চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, ‘মো. রফিকুল ইসলামের কাছ থেকে প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকার মূল্যের স্বর্ণ ও সিগারেট আটক করা হয়েছে।
তিনি বলেন, তার কাছ থেকে ‘২৪ ক্যারেটের ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়।’ এ অপরাধে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।’
খখ/মো মি


