দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও চার বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার (১৯ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

thai foods

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

আগামী দু’দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ২৩ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়নি, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

  • খখ/মো মি
আগেপ্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক
পরে“২০০৮ সালে ক্ষমতায় আসার পর এই সাড়ে চৌদ্দ বছরে বাংলাদেশটা বদলে গেছে”-শেখ হাসিনা