খাসখবর শিক্ষা ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। মোট পরীক্ষার্থীর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, ছাত্র ৭৮ দশমিক ৮৭ এবং ছাত্রী ৮১ দশমিক ৮৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, এরমধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন। এ বছর মোট ২০ হাজার ৭১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষায় দিয়েছে।
এসএসসি:
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৯১৯ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৭৬ হাজার ৫১৯ জন এবং ছাত্রী ৮ লাখ ৫৭ হাজার ৪০০ জন। এসএসসি পরীক্ষায় এবার মোট উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৪৪৬ জন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ১৬ হাজার ৭১ জন এবং ছাত্রী ৭ লাখ ৬ হাজার ৩৭৫ জন। এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ, ছাত্র ৭৯ দশমিক ৩৪ এবং ছাত্রী ৮২ দশমিক ৩৯ শতাংশ। এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন, এরমধ্যে ছাত্র ৭০ হাজার ৯৭৫ জন এবং ছাত্রী ৮৮ হাজার ২৪৫ জন। পরিসংখ্যানে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫-এর ক্ষেত্রে মেয়েরা এগিয়ে।
দাখিল:
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট অংশ নিয়েছে ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৩৯ হাজার ৬৫৫ জন এবং ছাত্রী ১ লাখ ৪৫ হাজার ৪৩২ জন। দাখিল পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৬৪ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৯৫০ জন এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ১৪ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৭০, এরমধ্যে ছাত্র ৭২ দশমিক ২৯ এবং ছাত্রী ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন, এরমধ্যে ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন। দাখিলে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড:
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় সর্বমোট অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ছাত্র ৯৩ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ২৮ হাজার ৮১৫ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৭৩০ জন। এরমধ্যে ছাত্র ৭৯ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ২৬ হাজার ৩৪৭ জন।
সার্বিক ফলাফলে মেয়েরা এগিয়ে:
সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সব শিক্ষা বোর্ডে (১১টি বোর্ডে) উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৪৮ হাজার ৩৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ছাত্রের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯০ হাজার ৩০৪ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। ছাত্রের তুলনায় ১৭ হাজার ২৭০ ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।
বিদেশে কেন্দ্রের তথ্য:
এ বছর এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে অংশ নিয়েছে মোট ৩৭৫ জন, এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২০ জন। বিদেশের কেন্দ্রগুলোর পাসের হার ৮৫ দশমিক ৩৩।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা বিস্তারিত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।
খখ/মো মি


