চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধে লরিতে আগুন দেয়া ২ নাশকতাকারীকে গ্রেপ্তার করল র‌্যাব

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে নাশকতাকারী দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

thai foods

বিএনপির অবরোধ বাস্তবায়ন করতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো, নাশকতাকারীদের অর্থের যোগানদাতা এবং সমন্বয়কারী হিসেবে ওরা কাজ করছিল— এমন অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার (৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নুরুল আবসার চৌধুরী (৫০) এবং মো. রেজাউল করিম (৩০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫০/২০০ জন নাশকাতাকারী দলবদ্ধ হয়। তাদের উদ্দেশ্য ছিল নাশকতা করে মানুষের মধ্যে হরতালের আতংক তৈরি করা। এ সময় তারা ককটেল বিস্ফোরণ এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় দিদারুল আলম ব্রাদার্স ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি রড বোঝাই লরি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ইট পাটকেল নিক্ষেপ এবং ভাংচুর করে। পরে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ট্রাকে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সীতাকুণ্ড থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় লরির সুপারভাইজার মনির উদ্দিন বাদি হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে নূরুল আবসার চৌধুরীকে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী বলে স্বীকার করেছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খখ/মো মি

আগে“যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তাদের খুঁজে বের করে শায়েস্তা করা হবে”-তথ্যমন্ত্রী
পরেপ্রথমবারের মতো চট্টগ্রাম থেকে কক্সবাজার গেল ট্রেন