প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে কক্সবাজার গেল ট্রেন

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো কোনো ট্রেন কক্সবাজারে পৌঁছেছে। তবে এটি পরীক্ষামূলক যাত্রা নয় বলছেন রেল কর্মকর্তারা। নতুন নির্মিত রেলপথে কোনো ত্রুটি আছে কি না মূলত সেটা দেখতেই সরকারি রেল পরিদর্শক দল ট্রেনটি নিয়ে কক্সবাজারে গেছেন।

thai foods

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টায় ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। সরকারি রেল পরিদর্শক রুহুল কাদের আজাদ এতে নেতৃত্ব দেন।

জানা গেছে, ২৯০০ সিরিজের ইঞ্জিন দিয়ে চালানো ট্রেনটিতে রয়েছে ৮টি বগি। ট্রেনটি নতুনভাবে সংস্কার করা শতবর্ষী কালুরঘাট সেতুও পার হয়েছে। দক্ষিণে দোহাজারি স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর নতুনভাবে কক্সবাজার পর্যন্ত নির্মিত ১০২ কিলোমিটার রেলপথ পাড়ি দেয় ট্রেনটি।

যাত্রাপথে সরকারি রেল পরিদর্শক দলের সদস্যরা নতুন নির্মিত রেলপথের পাশাপাশি সার্বিক রুটে কোনো প্রতিবন্ধকতা আছে কি না এবং নতুন নির্মিত স্টেশনও দেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধনের কথা রয়েছে। এর আগে চূড়ান্তভাবে নির্মাণকাজ পরিদর্শন করে দেখছে পরিদর্শক দল। তবে উদ্বোধনের আগে আর কোনো ট্রায়াল রান হবে কি না সেটা এখনো নিশ্চিত করতে পারেননি রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

পরিদর্শন দলের সঙ্গে আছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. নাজমুল ইসলাম, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ সুবক্তগীন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবুল কালাম চৌধুরী, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা আছেন।

প্রকল্পের পরিচালক মোহাম্মদ সুবক্তগীন জানান, এই যাত্রায় তারা নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করেছেন। নব-নির্মিত রেলপথের ব্রিজগুলোতেও দাঁড়ায়। মূলত দোহাজারী-কক্সবাজার রেলপথ খুঁটিনাটি সব বিষয় পর্যবেক্ষণ করেন এই টিম। রেল লাইন ঠিক আছে কি না, রেল চলতে পারবে কি না- সেটা যাচাই করা হয়েছে। এটা ট্রায়াল রান নয়, একা গর্ভামেন্ট ইন্সপেকশন। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী রেলপথ উদ্বোধন করবেন। তার আগে জানান দেওয়ার জন্য এই যাত্রা। ট্রেন কক্সবাজার এসে পৌঁছায় শেষ বিকালের দিকে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে যেতে ‘গলার কাঁটা’ হয়ে ছিল শতবর্ষী কালুরঘাট রেলসেতু, যা কর্ণফুলী নদীপথে নগরী ও দক্ষিণের সংযোগস্থল। জরাজীর্ণ সেতুটি সংস্কারের পর শনিবার (৪ নভেম্বর) পর্যায়ক্রমে তিনটি ইঞ্জিনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়। এরপরই ট্রেন নিয়ে কক্সবাজার যাত্রার বিষয়টি চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধে লরিতে আগুন দেয়া ২ নাশকতাকারীকে গ্রেপ্তার করল র‌্যাব
পরেদক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারতের টানা অষ্টম জয়