খাসখবর রাজনীতি ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এবার সব আসনে নির্বাচন করবে কৃষক শ্রমিক জনতা লীগ। যদি তিনশ’ আসনে প্রার্থী নাও দিতে পারি, তাহলে অন্য দলের লোকজনকে প্রার্থী করে গামছা প্রতীক উপহার দিবো।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ভাসানীর মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করলে নির্বাচন করবো কার সঙ্গে। বিএনপি নির্বাচনে নাই, জাতীয় পার্টি টানাটানি করছে। আমরা আওয়ামী লীগের সঙ্গে যদি জোট করি, মানুষ ভোট দেবে কাকে। মানুষের ভোট দেওয়ার জায়গা থাকবে না।
তিনি আরও বলেন, আমরা আমেরিকায় বসবাস করি না, বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করবো না বউ তালাক দেবো, মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে হবে এসব চিন্তা ভাবনা করা উচিত নয়। পিটার হাসের বাংলাদেশের ইলেকশন নিয়ে এতো দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না, আমাদের দেশ। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোনও দল নেই? তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন। এটি তিনি গর্হিত কাজ করেছেন, দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে (পিটার হাস)
স্যাংশন দেওয়া যেতে পারে এবং আইনের আওতায় আনা যেতে পারে।
কাদের সিদ্দিকী বলেন, বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। ভোটে দাঁড়ালেও আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানদের ভোট দেওয়া উচিত নয়।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এতে অনেকে খুশি না, আমিও না। কিন্তু তারপরও বলবো, একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। নির্বাচন কমিশন, তাদেরও যেন বোধদয় হয়। তারা যেন প্রভাবমুক্ত নির্বাচন করে। যদি গত নির্বাচনের মতো হয়, তাহলে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খখ/মো মি


