খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে।
রবিবার (৩ ডিসেম্বর) ভোরে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. লিটন (২১), নোয়াখালী জেলার চর জব্বার থানার মো. নেছার উদ্দিনের ছেলে। সে নগরীর খুলশী এলাকার সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয়ের পিছনে ভাড়া ঘরে বাস করতেন।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গত ৩০ নভেম্বর রাতে পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে রাখা একটি বাসে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী আগুন দেয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত মো. লিটন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল (রবিবার) তাকে আদালতে পাঠানো হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসে আগুন দেওয়ার সঙ্গে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামও জানিয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


