খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি করা ৯২টি ইমার্জেন্সি লাইট, ১৩৭টি টর্চলাইট ও ১৭ কার্টন তরল গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সংঘবদ্ধ চোর চক্রের ৭ জন সদস্যরা সদরঘাটস্থ আমদানি পণ্যের একটি গুদাম থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করে গুদামের টিনের চাল খুলে। ওই গুদাম থেকে টানা তিন দিন ধরে চুরি করে চোর চক্রের চার সদস্য। বাকি তিন সদস্য তাদের কাছ থেকে সেই চোরাই মাল কিনে নিয়ে বিক্রি করে থাকে।
গত ৪ মার্চ (সোমবার) রাতে কর্ণফুলী থানা এলাকায় ও নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতার সংঘবদ্ধ চোর চক্রের ৭ জন হলো- মো. ছানাউল্লাহ (২৪), মো. নাজমুল (২৪), মো. শাহীন (২৬), আব্দুল নুর (২২), মিনহাজ মামুন (২২), মো. মামুন (৩০) ও হাফেজ আহমদুর রহমান (৬০)।
পুলিশ জানায়, নগরীর সদরঘাট থানার স্ট্যান্ড রোডে সাবেক মহিলা কাউন্সিলর রেখা আলমের ভবনের দোতলায় মোহাম্মদ সাব্বিরের মালিকানাধীন একটি গুদামে চুরির ঘটনা ঘটে। সাব্বির বাদী হয়ে সোমবার সদরঘাট থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, ‘টিম সদরঘাট’ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে ছানাউল্লাহ, শাহীন, মামুন, আব্দুল নুর ও মিনহাজ মামুনকে গ্রেফতার কর। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। এরপর রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলি থেকে হাফেজ আহমদুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতার মিনহাজ মামুন, হাফেজ আহমদুর রহমান ও মামুনের কাছ থেকে চুরি করা ৯২টি ইমার্জেন্সি লাইট, ১৩৭টি টর্চলাইট ও ১৭ কার্টন তরল গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে। তবে চুরি যাওয়া সব মালামাল উদ্ধার করা যায়নি। বাকী মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের নেতৃত্ব ছিলেন মাদারবাড়ি ফাঁড়ির ইনচার্জ, এসআই অর্ণব বড়ুয়া।
খখ/মো মি


