ফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ

আগামীকাল নৌ পুলিশ হেডকোয়ার্টার এর পক্ষ থেকে করা হবে ত্রাণ বিতরণ
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ফেনীতে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে ‘লাইফবোট ও নৌকা’ নিয়ে পাশে দাঁড়িয়েছে সদরঘাট নৌ থানা পুলিশের একটি টিম। তারা বন্যাদুর্গত অসহায় মানুষের যাতায়াতের সহায়তা করছে লাইফবোট ও নৌকা দিয়ে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।

জানা গেছে, চট্টগ্রাম সদরঘাট নৌ থানা হতে ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরিফের মাধ্যমে কয়েকটি লাইফবোট ও নৌকার ব্যবস্থা করে পাঠানো হয়েছে। একই সাথে নৌ থানার ১টি চৌকস টিম এসআই মো. ফোরকান মিয়া এবং সঙ্গীয় ফোর্স নৌকা নিয়ে বন্যা ও দূর্যোগ কবলিত মানুষদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছে গেছেন।

তাঁরা জানতে পেরেছেন, ৪৫ দিনের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।

ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

এতে পরশুরাম উপজেলার পশ্চিম অলকার মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলি কাশিনগর ও চম্পকনগর এলাকায় বাঁধের দুইটি অংশ, চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন, দক্ষিণ শালধর, কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকার ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকার সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে।

রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে তিন উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘বন্যায় পানি বন্দিদের উদ্ধারে নৌকার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। বন্যাদুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। জানতে পেরেছি পানি এখনো বাড়ছে।’

নৌ থানার ওসি আরও বলেন, আগামীকাল (শুক্রবার) নৌ পুলিশ হেডকোয়ার্টার এর পক্ষ থেকে চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের তত্ত্বাবধানে
ফেনীতে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

খখ/মো মি

আগেগুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ
পরেবিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ