খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (২৯) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী মোহাম্মদ হেলাল (২৯) আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।
পুলিশ জানায়, সকালে দ্রুতগতির একটি সাদা মাইক্রোবাস (চট্টমেট্রো ১১-৬৭৫৩) উল্টো পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে সিএনজি অটোরিকশা চালক মো. রিয়াদ (৩০), যাত্রী সাজ্জাদ (৩০) ও আয়াছ (৩৫) গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে রাস্তায় ছিটকে পড়েন মোহাম্মদ হেলাল। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেলালের মৃত্যু হয়।
এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল পাঠালে। আহতদের মধ্যে মোহাম্মদ হেলাল (২৯) এক যুবক মারা গেছেন।
খখ/মো মি


