খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ভারত যখন বিপর্যস্ত। তখন বিশ্বের প্রভাবশালী বন্ধু দেশ গুলো সহায়তার হাত বাড়িয়ে দেয়।এই দুঃসময়ে এবার ভারতের পাশে থাকতে চায় প্রতিবেশী চীন।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও এর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তা করতে চায় বলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে চীন ভারতের সাথে সহযোগিতা বাড়াতে রাজি এবং প্রয়োজনীয় সহায়তা ও সরবরাহ করতে প্রস্তুত।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চীনের প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল-মে মাসের দিকে লাদাখ সীমান্ত নিয়ে হঠাৎ করেই দুই প্রতিবেশি ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা ছড়িয়ে পরে। এর মাঝেই ভারতের অন্তত ২০ সেনাকে হত্যা করে চীনা আর্মি।
এরপর থেকেই দুই পক্ষের মাঝে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পরে। উভয় পক্ষই সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম বাড়ায়। তবে বেশ কয়েক দফায় বৈঠকের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওই ঘটনার পর দুই দেশই নিজেদের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে।
খখ/মো মি


