খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে উখিয়া থানায় পদায়ন করা হয়।

একই সাথে উখিয়া থানার ওসি মো. জিয়াউল হককে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি নূর আহমেদ উখিয়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর নূর আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে ফটিকছড়ি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
ফটিকছড়ি থানায় যোগদানের পর ওসি নূর আহমেদ নিজ কর্মদক্ষতায় অপরাধ দমনের পাশাপাশি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ফটিকছড়ি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি নূর আহমেদ পুরস্কৃত হন।

নোয়াখালী জেলার সদর উপজেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন ওসি নূর আহমেদ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে তিনি চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি নূর আহমেদ উখিয়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


