কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১০, পুড়েছে ঘরবাড়ি-গাড়ি

Oplus_131072
thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজের বহু গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

thai foods

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্প্রতি চালু হওয়া এন আলম এলপিজি গ্যাসপাম্পটি কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে অবস্থিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। কর্মচারীরা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাস্থলে দেখা যায়, পাম্পসংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুড়ে গেছে। গ্যারেজকর্মী নুরুল আলম বলেন, ‘পাম্প থেকে ছড়িয়ে আসা আগুনে একে একে ৩০টির বেশি গাড়ি পুড়ে যায়।’ ঘটনার সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্যাংক থেকে গ্যাস বের হয়ে আগুন ধরেছিল, পরে তা নেভানো হয়। রাত সাড়ে ৯টার দিকে ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আবার আগুন ধরে।’ তিনি নাশকতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

খখ/মো মি

আগে“পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না”-প্রধানমন্ত্রী
পরেইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল