সাত বছর পর লাক্স সুপারস্টার প্রতিযোগিতা, নতুন মুখ পেলো বাংলাদেশ

দ্বিতীয় রানারআপ চট্টগ্রামের আমিনা ইসলাম
Oplus_131072
thai foods

চন্দ্রিমা মুগ্ধ, খাসখবর বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে নতুন মুখ পেলো বাংলাদেশ। এবার ‘লাক্স সুপারস্টার ২০২৫’এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

thai foods

শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এবারের আসরে সেরার মুকুট উঠেছে রাজশাহীর বিদুষী বর্ণিতার মাথায়।

বিদুষীর হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ির চাবিও।

প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, তাঁর পুরস্কার তিন লাখ টাকা।

এবারের চূড়ান্ত পর্বে লড়েছেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

মুকুট জেতার পর আবেগে ভেঙে পড়েন বিদুষী। বলেন, ‘ঘোষণার সময় দাঁড়িয়ে থাকাই কষ্ট হচ্ছিল। ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে আর সবার ভালোবাসায় আজকের জায়গায় দাঁড়ানো।’

তিনি আরও জানান, নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় কাজের সুযোগ পাচ্ছেন তিনি, যা তাঁর জন্য ‘স্বপ্নপূরণের মতো’।

২০০৫ সালে যাত্রা শুরু করা লাক্স সুপারস্টার বেশ কয়েক বছর বিরতি কাটিয়ে ২০১৮ সালে শেষবার অনুষ্ঠিত হয়। সাত বছরের দীর্ঘ বিরতির পর গত বছর শুরু হয় প্রতিযোগিতার দশম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া পেরিয়ে সেরা ১০ জন প্রতিযোগীর অনুষ্ঠান সম্প্রচার হয় চ্যানেল আইয়ে। এবারের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

অনুষ্ঠানে জানানো হয়, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন একটি ওয়েব সিনেমা নির্মাণ করবেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত পর্বটি উপস্থাপনা করেন অভিনেতা মোশাররফ করিম ও আরিফিন শুভ। নাটকীয়ভাবে ট্রফি খুঁজে পাওয়ার গল্পকে ঘিরে অনুষ্ঠানটি সাজানো হয়।

সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান, শিহাব শাহীন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, আজমেরী হক বাঁধন, রুনা খানসহ শোবিজের পরিচিত মুখেরা।

খখ/ মো মি

আগে“হামের উপসর্গ নিয়ে দেশে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু”-স্বাস্থ্য অধিদপ্তর
পরেইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ