কুমার মণিদীপ্ত, খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক।
পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মে-২০২৬ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তারা।
জানা গেছে, ওসি মো. রবিউল হকের নেতৃত্বে মে-২০২৬ মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং সভা এবং মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রাখেন।
একই সময়ে থানায় মোট ৪৯টি মামলা রুজু হয় এবং সমসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এছাড়া ১২৫টি বিভিন্ন ধরনের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাঁশখালী থানা। মে মাসে ৬০টি ওয়ারেন্ট তামিলের মাধ্যমে আসামি গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি ১৭৬টি ওয়ারেন্ট রিকলসহ অন্যান্য উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে নিয়মিত মামলায় ৭৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। বিভিন্ন অভিযানে ২ হাজার ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ৬টি মাদক মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বাঁশখালী থানা নিরলসভাবে কাজ করেছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করা হয়েছে।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘খাসখবর ডট নিউজ’কে বলেন, প্রত্যেক অর্জনই প্রেরণা জোগায়। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম বাঁশখালীর’ অক্লান্ত পরিশ্রম জড়িত। এ অর্জনের নেপথ্যে সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। বাঁশখালী থানার জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
ওসি মো. রবিউল হক বাঁশখালী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, বিভিন্ন থানায় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২ মে আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. রবিউল হক। যোগদানের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি তার নেতৃত্বের কার্যকারিতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক ইতিপূর্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা ও শরীয়তপুর জেলার ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন ছাড়াও তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা ও সিলেটের মৌলভী বাজার সদর থানায় ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।
ফেনী জেলার সদর উপজেলার কৃতি সন্তান বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা এবং সিলেট রেঞ্জের মৌলভীবাজার জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি


