চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে মো. করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। 

thai foods

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. করিম একই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে। নিহত করিম চট্টগ্রাম নগরের আমান বাজার এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে আকস্মিক গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গুলির শব্দ থেমে যাওয়ার পর তারা এগিয়ে গিয়ে সড়কের ওপর করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে রাতের আঁধারে এই ঘটনা ঘটায় হামলাকারীদের কাউকে সরাসরি শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, করিমকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তাকে কেবল গুলিই করেনি, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়েছে। তার মাথা ও বুকে গুলির ক্ষতচিহ্নের পাশাপাশি ঘাড়, হাত ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, নিহত করিমের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিস্তর অভিযোগ রয়েছে। মাদক সংশ্লিষ্ট একটি মামলায় তিনি এর আগে কারাভোগও করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, অপরাধজগতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা মাদক ব্যবসার বিরোধের জের ধরেই প্রতিপক্ষ চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন  গণমাধ্যমকে বলেন, প্রায় দুই মাস পর আজ করিম কেরানীহাটে এসেছিলেন। বাজারে আসার কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় ও পিঠে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি বলেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে মরদেহ ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর সব দোকান বন্ধ ও লোকজন এলাকা ছেড়ে চলে যাওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারিনি। বেলায়েত হোসেন বলেন, করিমকে এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের স্পষ্ট আঘাত পাওয়া গেছে। তিনি আরও জানান, করিমের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া, রাউজান, বায়েজিদ ও রাঙামাটি থানায় করিমের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা ছিল।

 উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সহিংসতাপ্রবণ হয়ে ওঠা রাউজানে এ নিয়ে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। একের পর এক এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় জনমনে গভীর আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

খখ/মো মি

আগে“অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর”-বিমানমন্ত্রী
পরেসব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’