বৃদ্ধি পেয়েছে নিট পেনশন: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সর্বনিম্ন ও মধ্যম মাত্রার পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির খবর নিয়ে এসেছে সরকার। 

thai foods

অর্থ মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের নিট পেনশনের হার ৫৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এই পুনর্নির্ধারিত সুবিধা কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং অবসরোত্তর ছুটি বা পিআরএল ভোগরত কর্মচারীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

প্রজ্ঞাপনে আজীবন পারিবারিক পেনশন ভোগকারী বিধবাদের জন্য একটি বড় প্রশাসনিক জটিলতা দূর করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী মৃত কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন পাওয়ার জন্য প্রতি বছর হিসাবরক্ষণ অফিসে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হতো। তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ৫০ বছর বা এর চেয়ে বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে এই অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দেওয়ার শর্ত সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

গত ৩০ জুন পর্যন্ত একজন মূল পেনশনভোগী যে নিট পেনশন পেতেন, তার ওপর ভিত্তি করে নতুন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন পেনশন ১৮ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। বিভিন্ন ধাপে পেনশনের বৃদ্ধির হার ও নতুন সীমাগুলো হলো—

৯ হাজার টাকা বা তার কম নিট পেনশনভোগীদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত হবে।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের পেনশন ৭৫ শতাংশ বেড়ে সর্বনিম্ন ১৮ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা হবে।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন সীমা হবে সর্বনিম্ন ৩৫ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন ৪৯ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৬২ হাজার টাকা হবে।

৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারিত হয়েছে।

তবে যেসব পেনশনভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট (১ জুলাই ২০২৭) পর্যন্ত তাদের বর্তমান সুবিধাই বহাল থাকবে।

পেনশনযোগ্য চাকরিকাল ও অন্যান্য সুযোগ-সুবিধা:

নতুন নিয়মে পেনশনযোগ্য চাকরির ন্যূনতম মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়েছে। ৫ বছর চাকরি শেষে চাকরি ছাড়লে মূল বেতনের ২১ শতাংশ পেনশন পাওয়া যাবে। চাকরির পরিধি অনুযায়ী ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়া যাবে।

এছাড়া চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে, চাকরির প্রতি বছরের জন্য শেষ আহরিত ৩টি মূল বেতনের সমপরিমাণ অর্থ পরিবারকে এককালীন বিশেষ আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হবে। পাশাপাশি, অবসর গ্রহণের সময় অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন হিসেবে পাওয়া যাবে এবং পিআরএল ভোগ না করলেও এই সুবিধা বহাল থাকবে।

খখ/মো মি

আগেকুবির শিক্ষিকা অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
পরেআত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার