‘শিগগিরই সারাদেশেই ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে’-স্বাস্থ্যমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব শিগগিরই সারা দেশ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে।

thai foods

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে কেবিনেট শেষে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার জন্য কেন্দ্র বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী যেসব স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা নেই সেখানে দ্রুততার সঙ্গে শীতাতপ সুবিধা তৈরি করে ঢাকায় টিকা কেন্দ্র বৃদ্ধি করাসহ দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে। ফাইজারের টিকা এখন হাতে পর্যাপ্ত রয়েছে। আগামী নভেম্বর মাসে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসবে।

দেশে বর্তমানে টিকার কোন সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল দিবাগত রাত দেড়টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। এ নিয়ে এখন আমাদের হাতে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামীতেও এভাবেই টিকা আসতেই থাকবে বলে আশা করছি। কাজেই, ডিসেম্বরের মধ্যেই টিকাদানের ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রার ৫০ ভাগ পূরণ করা সম্ভব হবে।

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেবার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান মন্ত্রী।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ, কাল ও পরশু ৩ দিনে দেশের সাধারণ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ হিসেবে প্রায় ৮০ লাখ ভ্যাকসিন দেওয়া হবে। সাধারণ মানুষের পাশাপাশি, স্কুলগামী শিশুদের জন্যও টিকাদান কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলমান থাকবে।

খখ/মো মি

আগেপঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’- এনামুল হক শামীম
পরেকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪