টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন মুমিনুল হক

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছেড়ে দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার(৩১ মে) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল নিজেই। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।

thai foods

মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের দলপতি ছিলেন তিনিই। মুমিনুলের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচে হারের পর থেকেই শুরু হয়েছিল অধিনায়কত্ব বদলের গুঞ্জন। আজ দুপুর থেকেই শোনা যায়, মুমিনুলের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নিতে চায় বোর্ড। তবে মুমিনুল যদি অধিনায়কত্ব চালিয়ে নিতে চান, তাহলে কোনো বদল আনা হবে না।

সেই আলোচনার সবশেষ অবস্থাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেলেন মুমিনুল। দুপুর থেকেই গুলশানে বিসিবি সভাপতির বাসভবনের সামনে উন্মুখ অপেক্ষা ছিল সংবাদমাধ্যমের। সন্ধ্যা ঘনিয়ে আসতে বাসায় প্রবেশ করেন মুমিনুল হক। খানিক পর বেরিয়েই জানান অধিনায়কত্ব ছাড়ার কথা।

ব্যাটিংয়ে অফফর্মের কারণেই যে দায়িত্ব ছেড়েছেন তা জানিয়ে মুমিনুল বলেন, ‘আমি বলেছি যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমি বলে আসছি, এখন উনারা (বোর্ড) কী সিদ্ধান্ত নেন উনাদের ব্যাপার।’

তিনি আরও যোগ করেন, ‘আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য ভালো। যখন আপনি ভালো খেলবেন, দল খারাপ করলেও অনুপ্রেরণা দিতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন।’

এর আগে, গণমাধ্যমের সাথে এ প্রসঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কিনা এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই। পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কিনা। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না, তাই প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে। নতুন করে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে সাকিব আল হাসানের হাতে। শেষ পর্যন্ত যদি বাংলাদেশের অলরাউন্ডার তাতে রাজি না হন তা হলে নতুন কাউকে বেছে নেওয়ার সম্ভাবনাই প্রবল। বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার রেসে এখন পর্যন্ত এগিয়ে আছেন- মেহেদী হাসান মিরাজ ও লিটস দাস। বাতাসে গুঞ্জন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের হাতেও তুলে দেওয়া হতে পারে এ দায়িত্ব।

উল্লেখ্য, সবশেষ সাত ইনিংসের একবারের জন্যও দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল। শেষ ১৫ ইনিংসে ফিফটি করেছেন মাত্র একবার। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচের ৩১ ইনিংসে মাত্র ৩১.৪৪ গড়ে ৯১২ রান করতে পেরেছেন তিনি। অথচ অধিনায়কত্ব পাওয়ার আগে তার ব্যাটিং গড় ছিল প্রায় ৪২ ছুঁইছুঁই।

খখ/মো মি

আগেশিক্ষাব্যবস্থায় আগামী বছর থেকে নতুন কারিকুলাম, থাকবে না সৃজনশীল পদ্ধতি
পরেভারতের খ্যাতনামা সংগীতশিল্পী কেকে আর নেই