খাসখবর চট্টগ্রাম ডেস্ক: টানা অষ্টমবারের মতো চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন এ কে এম ফজলুল্লাহ। বৃহস্পতিবার (৩ আগস্ট) এ পুনর্নিয়োগের আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার উপ-সচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।
এ কে এম ফজলুল্লাহ ১৯৬৮ সালে ওয়াসার সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। পরে নির্বাহী প্রকৌশলী পদে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে অবসর নেন। এরপর ২০০৯ সালের ৮ জুলাই তাকে এক বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান করা হয়।
পরে চট্টগ্রাম ওয়াসা বোর্ড গঠন হলে তিনি প্রথম দফায় তিন মাসের জন্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেও পরে সাত দফায় পুনর্নিয়োগ পেয়ে গত ১২ বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন।
চট্টগ্রাম ওয়াসা পরিচালিত হয় ১৯৯৬ সালের ওয়াসা অ্যাক্ট অনুযায়ী। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি। আইনে এমডি পদে একই ব্যক্তি সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে বিষয়ে কিছু বলা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।
খখ/মো মি


