খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের হামলায় আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ, পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ, নায়েক নাজিউর রহমান ও কসস্টেবল বিজয় কেতন।
আটক দুজন হলেন- ইমতিয়াজ আহমেদ ইমন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর বড়ুয়া পাড়ার বাসিন্দা ও মো. রুবেল একই উপজেলার চাতুরি ইউনিউনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুর দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে অবরোধ কর্মসূচী পালন করছে।এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর হওয়ার খবর পাওয়া যায়। এদিকে গাড়ী ভাংচুরের খবর পেয়ে আনোয়ারা থানার ওসির নেতৃত্বে পুলিশ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে সড়ক অবরোধে বাঁধা দিলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে ওসি সোহেল আহম্মেদ গুরুত্বর আহত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে ভর্তি করলে পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ গণমাধ্যমকে জানান, চাতুরি চৌমুহুনী থেকে শহরগামী সড়কে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করছে, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় অবোধকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এসময় ওসিসহ চার জন আহত হয়েছেন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান তিনি।
ওসি সোহেলের আঘাত গুরুতর জানিয়ে সহকারী পুলিশ সুপার সোহাগ বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
খখ/মো মি


