খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাজ্জাত হোসেন মজুমদার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘীর পূর্ব পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সাজ্জাত হোসেন মজুমদার (২৮) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হেনজু মিয়া মজুমদার সড়কের মিয়াজী পাড়ার মীর হোসেন মজুমদারের ছেলে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে লালদিঘীর পূর্বপাড় তরু টি চা পাতার দোকান থেকে সাজ্জাত হোসেন মজুমদারকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। একটি সাদা রঙের নোহা গাড়িও জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালক সাইমুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে ওই গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
খখ/মো মি


