খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে দুই কেজি চাল ধার দেওয়া নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রশিদ আহমদ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম (২৮) স্থানীয় মৃত সুলতান আহমদের ছেলে। গ্রেফতার রশিদ আহমদ একই এলাকার জাফর আলমের ছেলে এবং নিহত ব্যক্তির ভাগিনা।
এবিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. ওসমান গনি বলেন, কয়েকদিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেন। মঙ্গলবার সন্ধ্যায় ধার নেওয়া চাল পরিশোধ করেন। কিন্তু চালগুলো নিম্নমানের দাবি করে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলম তর্কাতর্কিতে জড়ান। এ নিয়ে বুধবার আবারও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এসময় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজন শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, বুধবার বেলা ১২ টায় টেকনাফ থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে।
খখ/মো মি


